নীলফামারীতে রোগীর মৃত্যুতে হাসপাতালে সামনে বিক্ষোভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৯
 
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিক সময়ে ডাক্তার না থাকায় মহুবার রহমান  নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে তার মৃত্যু হলে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী হাসপাতালের সামনে বিক্ষোভ করে।
 
 
মহুবারের শ্যালক গোলাম মোস্তফা জানান, মহুবার রহমানের বুকে ব্যাথা হলে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। কিন্তু ওই সময় কোন ডাক্তার হাসপাতালে না থাকায় রোগীকে কোন চিকিৎসা দেওয়া হয় নাই। পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
 
 
জানা যায়, মঙ্গলবার রাত আটটা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত হাসপাতালে দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. কারিমুল হাসান। কিন্তু তিনি ওই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না। তার সহকারী উপ-সহকারী মেডিকেল অফিসার ছামিনুর ইসলামও অনুপস্থিত ছিলেন। ছামিনুর ইসলামের পরিবর্তে সহকারী উপ-সহকারী মেডিকেল অফিসার এস এম সফিকুল ইসলাম দায়িত্ব পালন করেছিলেন।
 
 
এব্যপারে বুধবার দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. আরিফুল ইসলাম জানান, গ্যাস্ট্রিকজনিত কারণে তাকে ভর্তি করা হয়। আমি এসে সকাল সাড়ে আট টায় ইসিজি করে রিপোর্ট ভালো পেয়েছি। কথা বলতে বলতে তিনি মারা যান। মৃত্যুর কোন কারণ আমি বুঝতে পারি নাই।