কুমিল্লায় বাস ও সিএনজি চালিত অটো রিক্সার সংঘর্ষে হোসেন সরকার নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পুলিশ কনস্টেবল রাঙ্গামাটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল হোসেন সরকারসহ আরও ৩ যাত্রী সিএনজি চালিত একটি অটোরিক্সাযোগে দেবিদ্বার থেকে ময়নামতি যাচ্ছিলেন। রাত ১০টার দিকে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জগামী তিশা পরিবহনের একটি বাসের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও ৩ যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়ার পর পুলিশ কনস্টেবল হোসেন সরকারের মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘নিহত হোসেন সরকারের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নেয়া হয়েছে, বিষয়টি মুঠো ফোনে রাঙ্গামাটি পুলিশ সুপার ও নিহতের স্বজনদের অবহিত করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
