গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৬
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১টি গুদাম, ৩টি দোকান ও ৩টি বসত ঘর পুড়ে অন্তত ৩০ লাখ টাকার টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন বাজাররোড এলাকায় এ অাগুনের ঘটনা ঘটে।
 
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামূল হুদা জানান, রাত ৮টার দিকে ওই এলাকার সুলতান মোল্লার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে তিনটি দোকান, একটি গুদাম ও তিনটি বসতঘর পুড়ে যায়।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকাণ্ডে কম করে হলেও ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আরও অভিযোগ করেন, পৌরসভা কর্তৃপক্ষ শহরের ভাঙ্গা সড়ক ঠিক না করায় ফায়ার সার্ভিস সময়মত ঘটনাস্থলে আসতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে তারা অভিযোগ করেন। 
 
ইত্তেফাক/এমআই