বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিনে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি গ্রুপে ৮শতাধিক শিশু-কিশোর অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বরেণ্য শিল্পী এসএম সুলতান, প্রাকৃতিক দৃশ্য, চিত্রা নদীসহ বিভিন্ন দৃশ্য তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন।
এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এ সময় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস, ভারতের পশ্চিম বাংলার গভঃ কলেজ আর্টস এ্যান্ড ক্রাফট এর অধ্যাপক সুমন পাল, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ বেশ কয়েকজন চিত্রশিল্পী উপস্থিত ছিলেন। IMG0
এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক মুন্সী আসাদুর রহমান জানান, এবছর ৮ শতাধিক শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের রঙ পেন্সিল, কাগজ ও নাস্তা দেয়া হয়েছে। চারটি গ্রুপে বিজয়ীদের সমাপণী অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।
এছাড়া শনিবার (৯ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে চিত্রা নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমআই
