শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দৌলতদিয়া ফেরি ঘাটে আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের জমিদারব্রিজ ছাড়িয়ে গেছে।
অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ২১টি ফেরির মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ১৯টি চলছিল। বাকি দুইটির মধ্যে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান শুক্রবার সকালে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ে। এছাড়া চার দিন ধরে ইউটিলিটি চন্দ্র মল্লিকা বিকল হয়ে পড়ে আছে। ফেরির সংখ্যা যথেষ্ট থাকলেও যানবাহন ও মানুষের চাপ সহজে কমছেই না।
রাজবাড়ী থেকে মাহেন্দ্রে আসা যাত্রী আলাউদ্দিন খান জানান, বাসে উঠতে না পেরে মাহেন্দ্রে রওয়ানা করি। আগে রাজবাড়ী থেকে দৌলতদিয়ার ভাড়া ছিল ৪০টাকা। সেখানে আজকে ৮০ টাকা দিয়ে আসতে হলো।
সাকুরা পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক রাজু মোল্লা জানান, সকাল থেকে তাদের কোম্পানির অন্তত ১২টি বাস যানজটে আটকে রয়েছে। একেকটি যাত্রীবাহী বাসকে ফেরির নাগাল পেতে সাত থেকে আট ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া অসংখ্য ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাসের আটকা পড়ে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঈদের দুইদিন পর থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথের নাব্যতা সংকটের কারণে ওই পথ পরিহার করে অনেক গাড়ি এদিকে আসায় বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। তবে আগামী আরো দুই-একদিন এই চাপ থাকবে বলে তিনি মনে করেন।
ইত্তেফাক/জামান
