জাদেজাকে সরিয়ে শীর্ষে অ্যান্ডারসন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে পাঁচশ উইকেট শিকারি ক্লাবে নাম লিখিয়েছেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। তিন ম্যাচ সিরিজে তুলে নিয়েছেন ক্যারিবীয়দের ১৯ উইকেট। দুর্দান্ত এই পারফরমেন্সের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। ভারতের রবীন্দ্র জাদেজাকে সরিয়ে আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ডানহাতি এই ইংলিশ পেসার।
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে যৌথভাবে সিরিজ সেরা হন অ্যান্ডারসন। লর্ডসে সিরিজের শেষ টেস্টের আগে ৮৬৮ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। শেষ ম্যাচে ৯ উইকেট নিয়ে রবিবার প্রকাশিত তালিকায় শীর্ষে ওঠে আসেন।
 
সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী অ্যান্ডারসনের রেটিং ৮৯৬। এটি তার ক্যারিয়ার সেরা রেটিং। তার আগের ক্যারিয়ার সেরা রেটিং ছিলো ৮৮৪। অ্যান্ডারসন শীর্ষে উঠে যাওয়ায়, দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। তার রেটিং ৮৮৪। ৮৫২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
 
ইত্তেফাক/কেআই