মনপুরার মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন কলাতলী চরের পুকুর থেকে ছয় বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে কলাতলী ফাড়ির পুলিশ। আজ সোমবার সকাল ১১ টায় বিচ্ছিন্ন কলাতলী চরের কবির বাজারের পূর্বপাশে ফরিদ মিয়ার বাড়ির পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মেয়ে শিশুর লাশের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার মো. ছালাহউদ্দিন বলেন, জোয়ারের সময় একটি লাশ পানিতে ভেসে পুকুরে এসেছে বলে খবর পেয়েছি। খালের সঙ্গে পুকুরের সংযোগ রয়েছে। পুকুরের পাড় না থাকায় খালের জোয়ারের পানি উঠা-নামা করে।
এব্যাপারে কলাতলী পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন সাংবাদিকদের শিশুর লাশ উদ্ধার হওয়ার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা পুকুরের পাশে লাশ দেখে খবর দিলে পুলিশ কবির বাজারের পূর্বপাশে ফরিদ মিয়ার বাড়ির পুকুর থেকে ৬ বছরের মেয়ে শিশুর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, লাশটি নদীতে ভেসে পুকুরে এসেছে।
পুলিশ আরো জানান, উদ্ধার হওয়ার শিশুর লাশের ডান পা নেই। বা পায়ের অর্ধেক নেই। তবে লাশটির পরনে জলপাই রঙের পোশাক ছিল। লাশটির সুরতহাল শেষে ভোলা মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে
