হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজে বিশেষভাবে লুকানো ২১টি স্বর্ণপাত উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। রবিবরি রাতে এ স্বর্ণপাত উদ্ধার করা হয়। এ সময় জিন্নাত মাহমুদ শামীম (৪১) নামে একজনকে আটক করা হয়।
শামীম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আব্দুল খালেক বেপারির ছেলে। তার পাসপোর্ট নম্বর- BN-০৭৩০৯২০১। তিনি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দারা জানান, রবিবার গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা জিন্নাত মাহমুদ শামীম (৪১) নামে এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণপাত উদ্ধার করা হয়। স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি এবং কেমিকেল মিশ্রণ ও প্যাকেজিং করে আনা হয়েছিল। কোনো প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়ে দ্রুত গ্রিন চ্যানেল ত্যাগ করার সময় শামীমকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে কোনো স্বর্ণবার আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান। পরে তার দুটি লাগেজ স্ক্যান করে স্বর্ণের অস্তিত্ত্ব পাওয়া যায়।
এরপর যাত্রীকে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ দুটোর ভিতরে সংযুক্ত অবস্থায় লোহার রিং এর ভিতরে হলুদ রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ২১টি স্বর্ণপাত উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা যায় এগুলো উন্নতমানের স্বর্ণ।
শুল্ক গোয়েন্দাদের নজর এড়াতে এই কৌশল অবলম্বন করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে শামীম জানান। তিনি চলতি বছরে ১৭ বার বিদেশ ভ্রমণ করেছেন। উদ্ধারকৃত স্বর্ণপাতের ওজন প্রায় ২.২২৮ কেজি, যার মূল্য প্রায় ১.১০ কোটি টাকা।
ইত্তেফাক/ইউবি
