জাতীয় লিগ শুরু ১৫ সেপ্টেম্বর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৫
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। দুই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে ৮টি দল। লিগের টাইটেল স্পন্সর ঘোষণা উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
 
তিনি বলেন, ‘গত বছরের মতোই হবে টুর্নামেন্ট। টায়ার ওয়ান ও টায়ার টু। প্রথম টায়ারের শেষ দলটি রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় টায়ারে নেমে যাবে। আর দ্বিতীয় টায়ারের শীর্ষস্থানের দলটি প্রথম টায়ারে উন্নীত হবে। এবার পাঁচটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।’
 
তিনি আরও বলেন, ‘আগের আসরগুলোর চেয়ে ম্যাচ ফি বেড়েছে। আগে ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। সেটা ৩৫ হাজার টাকা করা হয়েছে। ভ্রমণ ভাতাও বেড়েছে। আগে যেখানে ২ হাজার টাকা করে দেওয়া হতো এই আসরে সেটা ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দৈনন্দিন ভাতাও বেড়েছে। এবার ডেইল অ্যালাউন্স দেওয়া হবে ১৫০০ টাকা। আগে যেটা ছিল ১০০০ টাকা।’
 
ইত্তেফাক/কেআই