জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে জামালপুর শহরের তমালতলা এলাকায় রাস্তা থেকে রবিবার দিবাগত রাতে পাউরুটির ভেতরে বহন করে নিয়ে যাওয়ার সময় ৮০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্বরামখানার ইউনুছ আলীর ছেলে ওমর আলী ও একই জেলার উলিপুর উপজেলার যমুনা গ্রামের মজির উদ্দিনের ছেলে শাহিনুর রহমান।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জিয়াউল ইসলামের নেতৃত্বে রবিবার রাতে শহরের তমালতলায় মিতালি মার্কেটের সামনে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ওমর আলী ও শাহিনুর রহমানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবা বড়ির আটটি প্যাকেট বিশেষ কায়দায় পাউরুটির ভেতরে রেখে স্কসটেপ দিয়ে মুড়িয়ে উপর দিয়ে পাউরুটির কারখানার ট্রেডমার্কখচিত পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় বহন করে নিয়ে যাচ্ছিলেন।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
