ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৬
ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হরিপদ দাস নামে এক বিকাশ এজেন্ট নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা প্রায় আড়াই লাখ টাকা ও কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়। সোমবার রাত সাড়ে বারোটার দিকে শহরের মরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
 
কোতোয়ালী পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শহরের পাটগুদাম ব্রিজমোড় মসজিদ মার্কেটে একটি দোকান নিয়ে বিএল টেলিকম নামে হরিপদ দাস মোবাইল, বিকাশ ও ফ্যাক্সিলোডের ব্যবসা করে আসছে দীর্ঘদিন। প্রতিদিনের মতো সোমবার রাত সোয়া বারোটায় দোকান বন্ধ করে হরিপদ ব্যবসার নগদ টাকা ও বিকাশের কয়েকটি মোবাইল নিয়ে বাইসাইকেল যোগে কেওয়াটখালী এলাকায় বাসার উদ্দেশে রওনা করে। পথিমধ্যে মরাখোলা এলাকায় গেলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতেই তার মৃত্যু হয়। 
 
কোতোয়ালী পুলিশের ওসি ইন্টেলিজেন্ট মুশফিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের  চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/এমআই