স্পোর্টস রিপোর্টার
শিবনারায়ণ চন্দরপল কখনোই টি-টোয়েন্টি ঘরানার ব্যাটসম্যান ছিলেন না। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরুর হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনটি ম্যাচ খেলেন। করেন মাত্র ২৫ রান। এর পর আর কখনোই আইপিএলে দেখা যায়নি তাকে। টি-টোয়েন্টির শেষ আন্তর্জাতিক ম্যাচটাও খেলেছেন সেই ২০১০ সালে।
সেই চন্দরপলই এবার টি-টোয়েন্টিতে করলেন ডাবল সেঞ্চুরি। তিনি যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৭৬ বলে করেন ২১০ রান। টুর্নামেন্টটি হলো ‘অ্যাডাম স্যানফোর্ড ক্রিকেট ফর লাইফ’ টুর্নামেন্টে। সেন্ট মার্টিনের ক্যারিব লাম্বার বল পার্ক মাঠে আমেরিকার ঘরোয়া দল ম্যাড ডগের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন চন্দরপল। ২১০ রানের ১৭৮ এসেছে বাউন্ডারি থেকে। মেরেছেন ২৫ টি চার ও ১৩ টি ছক্কা।
ম্যাড ডগের বিপক্ষে আরেক ক্যারিবিয়ান ডোয়াইন স্মিথকে সাথে নিয়ে ইনিংসের সূচনা করেন চন্দরপল। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৩০৩ রান বোর্ডে জমা করে তারা। স্মিথও বেশ মারকুটে ছিলেন। ২৯ বলে তিনি করেন ৫৪ রান। ইনিংসে ছিল আটটি চার ও দু’টি ছক্কা। স্বীকৃত ক্রিকেট হলে টি-টোয়েন্টি প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে লেখা হয়ে যেত শিবনারায়ণ চন্দরপলের নাম।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ ২০১৫ সালে দেখা গেছে ৪৪ বছর বয়সী চন্দরপলকে। তিন বছর আগেই তিনি জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছেন। খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে ১১৮৬৭, ওয়ানডেতে ৮৭৭৮ ও টি-টোয়েন্টিতে ৩৪৩ রান করেছেন তিনি।
