মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ব্রাহ্মণবাড়িয়া
মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলা নাগরিক ফোরাম। নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কান্তি দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অৃমত লাল সাহা, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকারসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অং সাং সুচির নোবেলে শান্তি পুরস্কার বাতিলের দাবি জানান।
ঝিনাইদহ
সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজি, সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি মুহাম্মদ বদরুল আমিন।
ময়মনসিংহ
মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নারী শিশুসহ নিরীহ মানুষদের উপর অমানবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব শাহাদাত্ হোসেন খান হিলুর সভাপতিত্বে ও আজাহার হাবলুর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসন বাবুল, কবি মোশাররাফ করিম, নাট্য ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবুল কাশেম, আব্দুল হক সিকদার, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, কাজী আজাদ জাহান শামীম, কবি ইয়াজদানী কোরাইশী, অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, শরীফ মাহফুজুল হক আপেল, মাহবুব হোসেন শরীফ, কবি আমজাদ দোলন, আবুল হাসেম, আবুল মনসুর, আনিসুজ্জামান হাসান, বাবলী আকন্দ প্রমুখ।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ ইমাম ও উলেমা পরিষদের ডাকে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সংগঠনের সভাপতি ও শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আনোয়ার শাহের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদী মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা শফিকুল ইসলাম জালালাবাদী প্রমুখ।
গোপালগঞ্জ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকাল ১০ টায় শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আরো অনেকে।
ঝিনাইগাতী (শেরপুর)
ঝিনাইগাতী উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গতকাল মঙ্গলবার মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। সকাল ১১টায় উপজেলা সদরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা জাসদ’র সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নান, জাসদ নেতা মো. শাহ আলম, মোখলেছুর রহমান, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।
চৌমুহনী (নোয়াখালী)
মঙ্গলবার স্থানীয় অগ্রযাত্রা খেলাঘর আসর ও ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের উদ্যোগে চৌমুহনী শহরের পাবলিক হল সংলগ্ন প্রধান সড়কের পাশে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর হত্যা, ধ্বংসযজ্ঞ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্বতঃস্ফূর্ত জনগণ অংশ নেয়। কর্মসূচি চলাকালে তপন ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালাল আহমদ, সামছুদ্দিন, এম ওবায়দুল হক জুয়েল, আশিষ রায় প্রমুখ।
ইত্তেফাক/নূহু
