স্পোর্টস ডেস্ক
মোয়েস কিনের গোলে তুরিনে ঘরের মাঠে এসি মিলানকে ২-১ গোলে পরাজিত করে সিরি-এ লিগের শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে জুভেন্টাস। শনিবার রাতে পাওয়া এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির থেকে ২১ পয়েন্ট এগিয়ে থাকা জুভেন্টাসের জন্য টানা অষ্টম শিরোপা জয় এখন সময়ের ব্যাপার।
চলতি সপ্তাহে কাগলিয়ারিতে বর্ণবাদের শিকার কিন বদলি বেঞ্চ থেকে উঠে এসে ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেছেন। লিগে গত পাঁচ ম্যাচে এটি কিনের পঞ্চম গোল।
রবিবার দ্বিতীয় স্থানে থাকা নাপোলি যদি ঘরের মাঠে জেনোয়ার কাছে পরাজিত হয় তবে তুরিনের জায়ান্টরা সাত ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জয় করবে। যা সিরি ‘এ’ লিগে একটি রেকর্ড। এত আগে কোনো দল কখনই ইতালিয়ান লিগের শিরোপা নিশ্চিত করেনি।
থাইয়ের ইনজুরির কারণে বিশ্রামে থাকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই কালও মাঠে নেমেছিল জুভেন্টাস। আয়াক্সের বিপক্ষে সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচের জন্য এখন রোনালদো প্রস্তুতি গ্রহণ করছেন। তবে তার অনুপস্থিতি গত কয়েক ম্যাচ ধরেই বুঝতে দিচ্ছেন না ১৯ বছর বয়সী কিন।
ইউরো ২০২০ বাছাইপর্বে ইতালির হয়ে দুটি ম্যাচে গোল করা তরুণ এই ফরোয়ার্ড প্রসঙ্গে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, ‘আজকেও কিন বদলি বেঞ্চ থেকে উঠে এসে গোল পেয়েছে। সত্যিকার অর্থেই সে একজন অসাধারণ খেলোয়াড়। সে এখনো বয়সে তরুণ। সে কারণেই তার ওপর কোনো ধরনের চাপ দিতে চাই না। সে ম্যাচটাকে উপভোগ করুক।’
বুধবার আয়াক্সের বিপক্ষে তিনি খেলবেন কিনা এমন প্রশ্নের উত্তরে আলেগ্রি বলেছেন, ‘দেখা যাক কি হয়। আজকের ম্যাচের মতোই বদলি খেলোয়াড় হিসেবেও কিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।’
বিরতির পাঁচ মিনিট আগে সফরকারী এসি মিলানকে এগিয়ে দেন পোলিশ ফরোয়ার্ড ক্রিজিসটো পিয়াটেক। এটি ছিল মৌসুমে পিয়াটেকের ২১তম গোল। ৬০ মিনিটে দিবালাকে ফাউলের অপরাধে মাতেও মুসাচিওর বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে জুভেন্টাসকে সমতায় ফেরান আর্জেন্টাইন দিবালা। ৬ মিনিট পর কিনকে জায়গা ছেড়ে দিয়ে মাঠের বাইরে চলে যান দিবালা। ৮৪ মিনিটে এই কিনের হাত ধরেই জয়ের দেখা পায় স্বাগতিকরা।
এই পরাজয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন থেকে এখন অনেকটাই দূরে সড়ে এসেছে টেবিলের চতুর্থ স্থানে থাকা মিলান। তাদের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে আটলান্টা। গত চারটি লিগ ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে এসি মিলান। —বাসস/সকারওয়ে
