নারায়ণগঞ্জে কলেজ ছাত্র শাহরিয়ার মাহমুদ শুভ্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইয়ামিন ওরফে আল আমিন, জালাল, জুয়েল ও রবিন। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটো রিকশা, দুইটি ছুরি ও চারটি মোবাইল ফোন, শুভ্রর ব্যবহৃত মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়।
শুভ্র গত শুক্রবার ভোর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা যোগে রাজধানীর মিরপুরে যাচ্ছিলো। এসময় ছিনতাইকারীরা যাত্রীবেশে ওই সিএনজিতে উঠে চলন্ত অবস্থায় শাহরিয়ারকে অস্ত্র ঠেকিয়ে তার মোবাইল ফোন ও নগদ ৬শ’ ৩৫ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা শাহরিয়ারের হাত পা বেঁধে ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে ভূঁইগড় এলাকায় রাস্তার পাশে খাদে ফেলে দেয়। ঘটনার দিন সকালে পুলিশ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) শরফুদ্দিন জানান, শুভ্রর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ছিনতাইকারিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। -বাসস
ইত্তেফাক/কেকে
