যশোরের বেনাপোলে মা আয়রা খাতুনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে ছেলে বাপ্পি (১৪)। নিহত আয়রা খাতুন পুটখালী গ্রামের উত্তর পাড়া এলাকার মাসুদ মাষ্টারের স্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাপ্পিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সকালের দিকে বাপ্পি তার মায়ের কাছে ভাত খেতে চায়। ভাত দিতে দেরি হওয়ায় মায়ের সাথে ঝগড়া হয় তার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাপ্পি তার মাকে ঘরে থাকা গাছি দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা আহত মাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বিজিবি সদস্যরা বাপ্পিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
