পীরগাছায় সরকারি ওষুধ উদ্ধার, যুবক আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৫
 
রংপুরের পীরগাছায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি ওষুধ উদ্ধার করেছে। এসময় আকবর আলী নামে এক যুবককে আটক করা হয়।
 
আকবর উপজেলার জুয়ানের চর গ্রামের ছকির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ওষুধ পাচার ও কালোবাজারে বিক্রি করে আসছিলেন।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ানের চর গ্রামের আকবরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়িতে বিপুল পরিমান সরকারি ওষুধ পাওয়া যায়।
 
আকবরের তথ্যমতে সরকারি ওষুধ পাচারকারী চক্রের পীরগাছাসহ পাশের একাধিক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী, পিয়ন ও স্বাস্থ্যসহকারীসহ ৬ জনের নামে শুক্রবার দুপুরে মামলা করা হয়।
 
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, একজনকে আটক করা হয়েছে। ছয় জনের নামে একটি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি