চলমান নৃশংসতার প্রেক্ষিতে ইউরোপিয়ান পার্লামেন্ট (ইপি) এর আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির একটি প্রতিনিধি দলের মিয়ানমার সফর স্থগিত করা হয়েছে। কমিটির প্রধান বার্নড ল্যাঙ্গে বলেছেন, অনির্দিষ্ট সময়ের জন্য বাণিজ্য বিষয়ক কমিটির প্রতিনিধি দলের মিয়ানমার সফর স্থগিত করা হয়েছে।
মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে ইপির গৃহিত প্রস্তাবের পর সম্ভাব্য ইইউ-মিয়ানমার বিনিয়োগ চুক্তির ফলপ্রসূ আলোচনার জন্য প্রতিনিধি দলকে যাওয়ার অনুমতি দেওয়া যায় না বলেও জানান বার্নড ল্যাঙ্গে।
তিনি আরো বলেন, এটা স্পষ্ট যে, বর্তমান অবস্থায় মিয়ানমারের সঙ্গে বিনিয়োগ চুক্তি করা কোনোভাবেই সম্ভব নয়। গত বৃহস্পতিবার ফ্রান্সের স্ট্রসবার্গের ইউরোপিয়ান পার্লামেন্টে গৃহিত প্রস্তাবে রাখাইনে ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘন, হত্যা, সহিংসতা, বেসামরিক মানুষের সম্পদ ধংস এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ইপি’র সদস্যরা অবিলম্বে রোহিঙ্গাদের হত্যা, হয়রানি, ধর্ষণ ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ বন্ধের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানায়। তারা বলেন, সকল বেসামরিক লোককে রক্ষা করা এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারের মুখোমুখি করার দায়িত্ব মিয়ানমার সরকারের। বিজনেস স্টান্ডার্ড।
ইত্তেফাক/সেতু
