ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ো ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:১৯

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদাতা

রবিবার দুপুরে আলমডাঙ্গায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ো ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল খালেক (৬৫)। উপজেলার জাঁহাপুর সড়ক সংলগ্ন একটি জমির মাপ চলছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল লতিফ তার আপন বড়ো ভাই আব্দুল খালেককে লাঠি দিয়ে পিটিয়ে সড়কের নিচে ফেলে দেয়। এক পর্যায়ে লতিফের বড়ো ছেলে একরামুল মুমূর্ষু চাচা আব্দুল খালেকের গলার ওপর পা তুলে দাঁড়িয়ে থেকে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুত্ফুল কবির জানান, জমি-জমার মাপ নিয়ে বিরোধে হত্যার ঘটনা ঘটেছে। লতিফ ও একরামুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।