লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে রবিবার ভোরে বজ্রপাতে মেহরাজ উদ্দিন (৩৫) নামে এক জেলে মারা গেছেন। এঘটনায় সাহরাজ উদ্দিন (২৮) ও মো. বেচু মিয়া (২২) নামে অপর দুই জেলে গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত সাহরাজকে নোয়াখালীর মাইজদী শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর আহত বেচুকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মেহরাজ চর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার শফিক উদ্দিনের ছেলে। উপজেলার রামগতিরহাট মাছঘাটের অদূরে অশ্বিনী খালের মোহনায় মেঘনা নদীতে এঘটনা ঘটে।
স্থানীয় চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন জানান, মেহরাজ, সাহরাজ ও বেচুসহ ১৪-১৫ জন জেলে স্থানীয় মুকিত মাঝির ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফিরছিলেন। অশ্বিনী খালের মোহনায় এলে তাদের ট্রলারে উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মেহরাজ মারা যান এবং সাহরাজ ও বেচু আহত হন।
ইত্তেফাক/জামান
