সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে আজ সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। সে দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমস এর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করায় তারা এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন।
ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে- ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ি কার্গো অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সে দেশের কাস্টমস এর পক্ষ থেকে বসিরহাট থানায় গত ১৭ই আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। কাস্টমসের এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে আজ সোমবার থেকে অ্যাসোসিয়েশনের সকল সদস্য অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে।
নওশাদ আরো জানান, এরই প্রেক্ষিতে সে দেশের কাস্টমস অ্যাসোসিয়েশনের সকল সদস্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমাদের এ পারেও (ভোমরা বন্দরে) মূলত আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার রেজাউল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তারা যথারীতি অফিস খুলে তাদের সকল অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছেন। তবে, এখনও পর্যন্ত পণ্যবাহী কোন পরিবহন প্রবেশ করেনি।
ইত্তেফাক/মোস্তাফিজ
