বেঙ্গল শিল্পালয়ে কাজী গিয়াসউদ্দিনের চিত্র প্রদর্শনী
ইত্তেফাক রিপোর্ট
শুক্রবার থেকে শুরু হয়ে গত তিন দিন শ্রোতা-দর্শক উপভোগ করলেন গণমানুষের গান। সুরে সুরে উচ্চারিত হলো মানুষের অধিকার আর মুক্তির কথা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হলো গানের সুরে। বিকেল থেকে রাত পর্যন্ত গণসঙ্গীতের উত্তাল গানে প্রাণের উচ্ছ্বাসে জেগে উঠেছিল শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ। ‘বিভেদের কূটচাল ভেঙে করো চুরমার/সংগ্রামী ঐক্যে মানবতা জাগবেই’ প্রতিপাদ্যে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ আয়োজিত উত্সবটির সমাপনী দিন ছিল রবিবার।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। ধন্যবাদ জ্ঞাপন করেন উত্সবের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্সব উদ্্যাপন পরিষদের সদস্য সচিব মানজার চৌধুরী সুইট।
সমাপনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় পরিবেশনা পর্ব। সম্মেলক কণ্ঠে পিরোজপুরের স্বরবিতান সঙ্গীত একাডেমির শিল্পীরা গেয়ে শোনান— ‘সকল কাজের মিলবে সময়, ‘বাবুদের পায়ে নমস্কার’, ‘এখনো ফোটেনি আঁখি’ ও ‘হাসিতে খেলিতে আসিনি জগতে’। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর, মাহমুদ সেলিম, গৌতম চক্রবর্তী, প্রলয় চাকী, সমর বড়ুয়া, প্রলয় সাহা ও এস এম মেজবাহ। একক আবৃত্তি পরিবেশন করেন এনামুল হক বাবু ও রেজীনা ওয়ালী লীনা।
বেঙ্গল শিল্পালয়ে কাজী গিয়াসউদ্দিনের চিত্র প্রদর্শনী
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে নববিন্যাসে সজ্জিত বেঙ্গল শিল্পালয়ের দ্বার উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার বিকালে সম্মানিত অতিথি হিসেবে ‘দ্য ওয়ার্ক অব ক্রিয়েশন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি। এছাড়া আয়োজনে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারপারসন আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী কাজী গিয়াস। প্রদর্শনীতে কাজী গিয়াসের সর্বমোট ৭৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১৮ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনশালা (নীচতলা) ও কামরুল হাসান প্রদর্শনশালায় (দ্বিতীয় তলা)। প্রদর্শনশালা সবার জন্য উন্মুক্ত।
অধ্যাপিকা জওশন আরা স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান:অধ্যাপিকা জওশন আরা স্মারক গ্রন্থ সম্পাদনা পরিষদের উদ্যোগে গত শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের (আবদুস সালাম হলে ৩য় তলা) বইটির প্রকাশনা উত্সব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
