ভ্রাম্যমান আদালতের অভিযান

শিবগঞ্জে ভিজিডির ৫২ বস্তা চাল উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৩

বগুড়ার শিবগঞ্জে একটি গোডাউন থেকে ভিজিডির ৫২ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় দুটি অটো রাইচ মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহীদ মাহমুদ খান খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহ নেওয়াজ ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন। তারা উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়নের চাল ডিলার তোফাজ্জল  হোসেন ও এফাজ উদ্দিনের গোডাউনে অবৈধভাবে মজুদ ভিজিডি’র ৫২ বস্তা চাল উদ্ধার করেন। এ চালগুলো গরিব ও দুঃস্থদের জন্য সরকারের বরাদ্দ হিসেবে ছিল।

এরপর উপজেলার বুড়িগঞ্জ বাজারের রাজীব এন্ড ব্রাদার্স অটো রাইচ মিলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চাল রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তারপর পিরব ইউনিয়নের খয়রাপুকুর বাজারে মেসার্স হাকিম চালকলে অভিযান চালিয়ে লাইন্সেস নবায়ন না থাকায় এবং প্লাস্টিকের বস্তায় চাল রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ওসি আরও জানান, উদ্ধারকৃত ৫২ বস্তা চাল শিবগঞ্জ খাদ্য গোডাউনে রাখা হয়েছে।    এই রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিজির চাল উদ্ধার সংক্রান্তে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু