সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড। নেই খেলার মাঠ। নেই কমিউনিটি সেন্টার। বিনোদনের জন্য কোনো ব্যবস্থাই নেই এই ওয়ার্ডে। পয়ঃনিষ্কাশনের জন্য একটি খাল থাকলেও সেটিও দখল হয়ে যাচ্ছে। রাজউকের প্ল্যান না মেনেই নির্মাণ করা হয়েছে বাড়িগুলো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান মোল্লা। তিনি বলেন, এই ওয়ার্ডে প্রায় ৩ লাখ লোকের বসবাস। ভোটার সংখ্যা ৯০ হাজারের বেশি। এই ওয়ার্ডে ৩৩টি মসজিদ, ৮টি মাদ্রাসা, ২টি প্রাইমারি স্কুল, উত্তর কাফরুল হাই স্কুল ও দক্ষিণ কাফরুল মডেল হাই স্কুল এবং ইব্রাহিমপুরে মনিপুর স্কুলের শাখা-২ রয়েছে। এছাড়া দক্ষিণ কাফরুলে একটি গির্জা আছে। একটি তহসিল অফিসও আছে এই ওয়ার্ডে।
এখানকার অধিবাসীরা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখানে নেই কোনো খেলার মাঠ। কমিউনিটি সেন্টার নেই। রাস্তাঘাট বেহাল। এলাকায় পয়ঃনিষ্কাশনের জন্য একটি মাত্র খাল। সেই খালটিও বেদখলে চলে যাচ্ছে। প্রায় ১৭ বিঘা জমির উপর এই খালটি বয়ে গেছে। আশপাশের বাড়ির মালিকরা খাল দখল করে স্থাপনা নির্মাণ করছে।
ভাসমান মাদক কেনাবেচা হচ্ছে বলে অনেকেই তার কাছে অভিযোগ করেছেন। বিক্রেতারা দূর থেকে এসে ভাসমান অবস্থায় বিক্রি করে চলে যায়। মাদকের ব্যাপারে র্যাব পুলিশ খুবই তত্পর। তবে আন্তরিকতার সঙ্গে পুলিশ তত্পর হলে মাদক বন্ধ করা যেত। এই ওয়ার্ড এলাকায় চাঁদাবাজির কোনো সুযোগ নেই। তবে দুয়েকটি ঘটনা মাঝে মধ্যে শোনা যায়।
এলাকায় গ্যাসের সংকট প্রকট। তবে পানি সমস্যা নেই। বিদ্যুতের অবস্থা ভালো। এই এলাকায় ৮টি পানির পাম্প বসানো হয়েছে। তবে কোনো একটি পাম্প নষ্ট হলে পানি সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/নূহু
