পূর্ব শত্রুতার জেরে গুরুদাসপুরে কৃষকের হাত বিচ্ছিন্ন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:৫৫

পূর্ব শত্রুতার জেরে কৃষক মোমিনের (৩৫) ডান হাতের কনুই পর্যন্ত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় ওই কৃষকের পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। 

গতকাল রবিবার সকাল সাতটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামের ন্যাংরার মোড় নামকস্থানে ওই ঘটনা ঘটে। কৃষক মোমিনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় কৃষক মোমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান হাতের কনুইয়ের উপরিভাগ পর্যন্ত দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। শরীরও ক্ষত-বিক্ষত ছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিত্সা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মোমিনের বাড়ি উপজেলার হরদোমা গ্রামে।

প্রত্যক্ষদর্শী কৃষক আবু হানিফ জানান, রবিবার সকালে মোমিনের সঙ্গে তিনি এবং রবিউল, সেন্টু, মকুল হরদোমা বিলে ভুট্টা উঠানোর জন্য যাচ্ছিলেন। মোমিনের বাড়ির অদূরে ন্যাংরার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ একই গ্রামের রাসেল, সোনা উল্লা, টগর, জমিনসহ বেশ কয়েকজন মোমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। একপর্যায়ে মোমিনের ডান হাত কনুই পর্যন্ত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে যায়। মোমিনের কাটা হাতটি খোঁজাখুঁজি করে পায়নি পুলিশ। হামলাকারীরা আত্মগোপন  করেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি।