ফুলপুরে পৃথক ঘটনায় যুবক ও নারীর লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৯

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বৃহস্পতিবার এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার ও দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ দুইটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর শহরের দিউ এলাকার একটি ভিটা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। তার দুই চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, হতভাগ্য এই যুবককে রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা হত্যার পর লাশ এখানে ফেলে গেছে। পুলিশ এ ঘটনায় বাবুল মিয়া নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে।

উল্লেখ্য, দিউ এলাকার লাশ উদ্ধারকৃত অকুস্থলের আশপাশে ওই রাতে তিনটি বাড়িতে সিঁধেল চুরির ঘটনাও ঘটেছে। পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে চরনিয়ামত গ্রামে দুই সন্তানের জননী রুমানা আক্তারের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘরের দরোজা বন্ধ করে রুমানা আত্মহত্যা করেছে। তবে পুলিশ এ ঘটনার কোন ক্লু এখনও উদঘাটন করতে পারেনি। রুমানা ওই গ্রামের জুবায়ের হোমেনের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইত্তেফাক/নূহু