ইত্তেফাক রিপোর্ট
সেন্টমার্টিন এলাকার নিরাপত্তায় ফের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার বিজিবি মোতায়েন করা হয়। এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে তত্কালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসীন রেজা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, ‘সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় বিজিবির যতজন সদস্য দরকার সেই ক’জন মোতায়েন থাকবে।’
সেন্টমার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গাদের আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও বিজিবি। বিভিন্ন সময় ওই এলাকায় দস্যুতার ঘটনাও ঘটে। এসব নিয়ন্ত্রণে টেকনাফ থানার একটি পুলিশ ফাঁড়িও রয়েছে সেন্টমার্টিনে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘সীমান্ত সুরক্ষার জন্য কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিও কাজ করবে। তাই বিজিবি সেন্টমার্টিনে টহল শুরু করেছে। বিওপি ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া প্রায় শেষ। এতে করে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে নানা অপরাধ দমনে অনেকটা সহায়ক হবে।’
