শুধু কালো হওয়ার কারণে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে টানা এক মাস ঘরে আটক রেখে অমানুষিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঘরের তালা ভেঙে ঐ গৃহবধূকে উদ্ধার করেছে।
থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার সেনপাড়া এলাকার নুরুল করিমের মেয়ে সাথী আক্তারের সঙ্গে পেরাব আমবাগ এলাকার বাচ্চু ভূঁইয়ার ছেলে ফাহিম মিয়ার ছয় বছর আগে বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে তারা ভুলতা এলাকায় বসবাস করে আসছে। কালো ও খাটো হওয়ার অভিযোগ তুলে গত ছয় মাস ধরে স্ত্রী সাথী আক্তারের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে ফাহিম।
গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে সে। সর্বশেষ শনিবার রাতে ফাহিম পুনরায় তার স্ত্রীকে বিষপান করিয়ে মেরে ফেলার চেষ্টা করে। সাথী কৌশলে বিষয়টি তার বাবাকে জানালে তিনি রূপগঞ্জ থানা পুলিশের শরণাপন্ন হন। পরে রূপগঞ্জ থানার উপপরিদর্শক রিপন আলী ঘটনাস্থলে গিয়ে সাথী আক্তারকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাহিম পালিয়ে যায়।
এ ঘটনায় সাথীর বাবা বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার উপপরিদর্শক রিপন আলী জানান, ফাহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
