রোহিঙ্গা ইস্যুকে জরুরি বিষয় হিসেবে অন্তর্ভুক্তির দাবি স্পিকার ড. শিরীনের

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০০:৩৫

কাতারের দোহায় শেরাটন কনভেনশন সেন্টারে ১৪০তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের একটি সভায় রোহিঙ্গা ইস্যুকে ইমার্জেন্সি আইটেম হিসেবে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল রবিবার এ সভায় স্পিকার বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় কূটনৈতিক প্রক্রিয়ায় দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদেশ। এক্ষেত্রে আইপিইউ সদস্য রাষ্ট্রসমূহের রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে এগিয়ে আসা প্রয়োজন।

শিরীন শারমিন বলেন, বিশ্বের সবচেয়ে বৃহত্ গণতান্ত্রিক সংগঠন আইপিইউর রোহিঙ্গা বিষয়টিকে ইমারজেন্সি আইটেম হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। ইন্দোনেশিয়া সারা বিশ্বের মুসলিম মাইনরিটিদের অধিকার রক্ষার যে এজেন্ডা উপস্থাপন করেছে তিনি সেটির সঙ্গে রোহিঙ্গা সমস্যাকেও ইমারজেন্সি এজেন্ডাভুক্ত করার দাবি জানান।

স্পিকার বলেন, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাবনা উত্থাপন করেন। পাঁচ দফার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন সম্ভব। সভায় সভাপতিত্ব করেন কাতারের শূরা কাউন্সিলের স্পিকার আহমদ বিন আব্দুল্লাহ বিন জাহিদ আল মাহমুদ।