লোহাগাড়ায় হাসপাতালে আড়াই মাস বয়সী শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের প্রাইভেট হাসপাতাল ‘লোহাগাড়া জেনারেল হাসপাতাল’-এর কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় রাকিবুল হাসান নামে আড়াই মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রবিবার বিকেলে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। শিশুটি সাতকানিয়া করাইয়ানগর হাবিয়ার পাড়ার আবুল কালাম ও কামরুন্নাহারের সন্তান। শিশুর মা কামরুন্নাহার জানিয়েছেন, তার সন্তান ডা. আবদুল্লাহ আল মামুন মুন্নার তত্বাবধানে হাসপাতালে ভর্তি হয়।

শিশুর পিতা, আবুল কালাম সাংবাদিকদেরকে জানান, লোহাগাড়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে আমার শিশু সন্তানের। আমরা বারবার আমাদের শিশু সন্তানটিকে অন্যত্র নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়নি।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর স্বজনদের অভিযোগ সত্য নয় জানান।

এ ব্যাপারে ডা. আবদুল্লাহ আল মামুন মুন্না জানান, আমি শিশুটিকে ভর্তি করিয়ে ব্যবস্থাপত্রে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এসেছি। আমার অনুপস্থিতিতে দায়িত্ব থাকে ডিউটিরত ডাক্তারের। রোগীর ছাড়পত্র দেয়া না দেয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

জরুরী বিভাগের ডা. রিজুয়ান উদ্দিন নাদিম বলেন, আমি ডা. আবদুল্লাহ আল মামুন মুন্নার প্রেসক্রিপশন অনুসারে রোগীর চিকিৎসা করেছি। রোগীর স্বজনদের অভিযোগ সত্য নয়।

হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, তিনি হাসপাতালের বাইরে থাকায় বিস্তারিত কিছই জানেন না।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, তিনি শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছেন। রোগীর স্বজনরা যেখানে চিকিৎসা পেয়ে সন্তুষ্ট হয় সেখানেই চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ছাড়পত্র না  দেওয়া অন্যায়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু