পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর এলাকার জনগণের জন্য সুপেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে ভারত। নবগঠিত ভাণ্ডারিয়া পৌরসভার প্রায় একলাখ মানুষ বিশুদ্ধ পানি পাবে। এজন্য ভারত সরকার সাড়ে ১১ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করছে। এ অর্থ দিয়ে ভাণ্ডারিয়া পৌর এলাকার এগারটি নির্বাচিত স্থানে এগারটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করা হবে। গতকাল রবিবার বারিধারায় ভারতীয় হাইকমিশনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ভারত সরকারের পক্ষে ও ভাণ্ডারিয়া পৌরসভার কাউন্সিলর গোলাম ছরোয়ার জোমাদ্দার পৌরসভার পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাইকমিশনের প্রথম সচিব ও রেলওয়ে উপদেষ্টা দিপাঞ্জন রায়, ভাণ্ডারিয়া পৌরসভার সচিব আনোয়ার হোসেন, কাউন্সিলর আঃ ছালেক তালুকদার ও ছিদ্দিকুর রহমান এবং ভাণ্ডারিয়ার বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন মল্লিক উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ ও পরীক্ষিত বন্ধু। এদেশের অবকাঠামো ও আর্থ সামাজিক উন্নয়নে ভারত গর্বিত অংশীদার। ভাণ্ডারিয়ার মানুষ এই প্রকল্পের মাধ্যমে সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারবে। ভাণ্ডারিয়ার এই প্রকল্পটি বাস্তবায়ন হলে তা হবে একটি মডেল প্রকল্প।
চলতি মাসেই ভাণ্ডারিয়ার এই বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে। অক্টোবরের শেষার্ধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের সময় আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করা হবে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন কাজ শেষ হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দক্ষিণাঞ্চলের জনপদে পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। বিশুদ্ধ পানির অভাবে মানুষ স্বাস্থ্য ঝুঁকিসহ নানান সমস্যার মুখোমুখি। অগ্রাধিকার, জনগণের চাহিদা ও সার্বিক দিক বিবেচনা করে ভাণ্ডারিয়া পৌর এলাকাকেই ভারত সরকারের আগ্রহে বেছে নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকে ভাণ্ডারিয়ার পৌরসভার প্রতিনিধিত্বকারী মো. গোলাম ছরোয়ার জোমাদ্দার বলেন, ভারত সরকারের অবদানের কারণে ভাণ্ডারিয়াবাসী বিশুদ্ধ পানি পাবে। এটা বড় অর্জন। এলাকার প্রাণের মানুষ, তিন দশক ধরে সুখ-দুঃখের সাথী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বিশেষ প্রচেষ্টায় ভারত সরকার এত বড় প্রকল্পের অর্থায়ন করছে। নিবিড় বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের এক বিরল দৃষ্টান্ত এটি। আগামী দিনে বন্ধুত্বমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে আমরা উন্নয়নের পথে যেতে চাই। ভাণ্ডারিয়ার জনগণ বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য ভারত সরকারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।
ইত্তেফাক/নূহু
