আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্যাতনের হাত থেকে রক্ষা ও প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে। সবাই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যে বিশ্বজুড়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ঐক্যমত সৃষ্টি হয়েছে।
গতকাল রবিবার রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নীতি ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি চূড়ান্তকরণ: অগ্রগতি ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমকাল ও তামাকবিরোধী সংস্থা প্রজ্ঞা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণের কর্মকাণ্ডে এর আগেও বিভিন্ন সময়ে বাধা এসেছে, কিন্তু আমরা পিছু হটে যাইনি। এই দুইটি নীতি প্রণয়নে সময় একটু বেশি লাগলেও এগুলো দ্রুতই পাস করা হবে। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আমি ব্যক্তিগতভাবে এই দুটি নীতির বিষয়ে কথা বলব। প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে এই দুটি নীতি অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ২০৪০ সালের আগেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বিতভাবে করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এককভাবে চাইলেই তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর সঙ্গে শিল্প, বাণিজ্য, কৃষি, অর্থ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। তামাক নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের বিরোধীতা করে দেশের অনেক বড় বড় আইনজীবী আদালতে দাঁড়িয়েছিলেন। অনেক বড় বড় ব্যক্তি আমাকে ফোন করে অনুরোধ করেছেন। কিন্তু আমি কারো অনুরোধ রক্ষা করিনি।
সমকাল নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বেগম ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল হাসান বাদল, ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন ফারুক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, ভাইটাল স্ট্র্যাটেজিস এর কান্ট্রি এডভাইজার শফিকুল ইসলাম, দ্য ইউনিয়নের টেকনিক্যাল এডভাইজার সৈয়দ মাহবুবুল আলম তাহিন, দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স’র আহ্বায়ক লিটন হায়দার এবং হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।
ইত্তেফাক/নূহু
