রাডার অকেজো হয়ে সিডনি এয়ারপোর্টে বিমান চলাচলে বিলম্ব

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪১
সিডনির অভ্যন্তরীণ রুটের বিমানবন্দরে সোমবার ভোরে সফটওয়্যার ত্রুটির কারণে বিমান চলাচলে অনেক বিলম্ব হয়। এদিকে স্কুলে বসন্তকালীন শিক্ষা ছুটির প্রথম দিন হওয়ায় বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়ে। 
 
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টায় এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম অকেজো হয়ে পড়ায় যাত্রীদেরকে এ ভোগান্তির মুখে পড়তে হয় এবং তা প্রায় সকাল ৯টার দিকে সচল হয়। এই চার ঘণ্টা এয়ার ট্রাফিক কন্ট্রোল অপারেটররা বাধ্য হয়ে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করে। এতে অনেক বিমান বাতিল এবং বিমান চলাচল বিলম্বিত হয়।
IMG0
এয়ার সার্ভিস অস্ট্রেলিয়া যাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘তারা এখন বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে এবং শিগগিরই ফ্লাইট জটিলতা কেটে যাবে। সফটওয়্যার ত্রুটির কারণে দেশটির অন্যান্য বিমানবন্দরেও বিমান চলাচল ব্যাহত হয়। ব্রিসবন এয়ারপোর্ট কর্পোরেশনের মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনো একটি বিমানবন্দর সফটওয়্যার জটিলতায় পড়লে আন্তঃসংযোগের কারণে অন্য বিমানবন্দরগুলোকেও একই ধরনের সমস্যায় পড়তে হয়।’ সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু