ঝিনাইদহে শহরে যুবক আবুল কাশেম মো. ফজলুল হক ওরফে রিপন হত্যা মামলায় প্রধান আসামি মতিয়ার রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার সকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়কের সাত ভাই কুদ্দুস মার্কেটের সামনে রিপনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পালানোর সময় আসামি মতিয়ার রহমানকে অস্ত্রসহ ধরে ফেলেন ট্রাফিক ইন্সেপেক্টর গোলাম আজম।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা খাতুন এ্যানি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে ৪/৫জনকে আসামি করে মামলা করেন।
দীর্ঘ ৭ বছর পর আদালত ১৫ জন সাক্ষির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে আসামি মতিয়ার রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। দোষ প্রমানিত না হওয়ায় আসামি আহাদ আলী ও আবু আব্দুল্লাহ মারুফ নামে দুইজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ইত্তেফাক/কেকে
