রাজধানীর ২৩১টি পূজামণ্ডপ পুলিশের কড়া নজরদারিতে: ডিএমপি কমিশনার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৭
 
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২৩১টি পূজামণ্ডপ পুলিশের কড়া নজরদারিতে রয়েছে।
 
তিনি বলেন, নগরীর সবক’টি পূজামণ্ডপ ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে আর্চওয়ের মাধ্যমে সবাইকে প্রবেশ করতে হবে।
 
সোমবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. মাসুদুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ডিএমপি কমিশনার বলেন, গত বছরের তুলনায় রাজধানীতে এবার সাতটি পূজামণ্ডপ বেড়েছে। ‘ক’ শ্রেণিতে চারটি ও ‘খ’ শ্রেণিতে পাঁচটিসহ মোট চার শ্রেণিতে ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
 
তিনি বলেন, ‘ক’ শ্রেণির মণ্ডপগুলো হচ্ছে- ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির, ধানমন্ডি পূজামণ্ডপ ও গুলশানের সার্বজনীন পূজামণ্ডপ।
 
সুনির্দিষ্ট কোনো হুমকি নেই উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, দুর্গাপূজা নিরাপদে উদযাপনের জন্য আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিএবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
 
তিনি বলেন, পূজার সময় চুরি, ছিনতাই, মলমপার্টি ও ইভটিজারদের দৌরাত্ম কমাতে ১৫দিন আগে থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
 
তিনি আরো বলেন, অন্য ধর্মাবলম্বীদের যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখতে পূজা উদযাপন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
 
মঙ্গলবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজা, ৩০ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে।
 

ইত্তেফাক/এএম।