শারদীয় দুর্গোৎসবে সরকারের দেয়া সহায়তা বণ্টনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর শাখার মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের সমঝোতা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিগত সময়ে সরকারের পক্ষ থেকে মণ্ডপে দেয়া সহায়তা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে বিতরণ করা হলেও এবার কেশবপুরে প্রশাসনের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করার প্রচেষ্টার অভিযোগ উত্থাপন করা হয়। এই বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে মঙ্গলবার যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুণ্ডু ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন কেশবপুর উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এবং সমঝোতা হয়।
এর পর দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের এক বিশেষসভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুণ্ডু, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ এসএম আনোয়ার হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান।
পুজা পরিষদ নেতা গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা পরিষদের সহসভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
