কলসিন্দুর ফুটবল কন্যা সাবিনার জানাযা অনুষ্ঠিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৮
 
ময়মনসিংহের কলসিন্দুরের ফুটবল কন্যা সাবিনার জানাযা বুধবার সকাল ১০টায় কলসিন্দুর আইনুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় হাজারো মানুষ অংশগ্রহণ করে।
 
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একে, এম গালিভ খান ও উপজেলা নির্বাহী অফিসার মাহদী হাসান। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আরিফ, বোরহান উদ্দিন, মকবুল হোসেন। জানাযা পূর্ব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একে, এম গালিভ খান ও উপজেলা নির্বাহী অফিসার মাহদী হাসান প্রশাসনের পক্ষ থেকে সাবিনার বিধবা মাতা ফজিলা খাতুনের নামে বিধবা ভাতা ও খাস জমি বন্দোবস্ত প্রদান করে তার আবাসনের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন।
 
এছাড়াও কলসিন্দুর ফুটবল পরিবারের সকল মেয়েদের পারিবারিক খোঁজখবর নিয়ে প্রয়োজনমত সহায়তা প্রদানেরও আশ্বাস প্রদান করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক এস.এম আব্দুল খালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মির্ধা, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, ধোবাউড়া থানার অফিসার ইনর্চাজ শওকত আলম পিপিএম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রশিক্ষক মফিজ উদ্দিন মাস্টার, কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রানী সরকার, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উপজেলা বিএনপি সভাপতি মফিজ উদ্দিন।
 
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের মিডফিল্ডার সাবিনা আক্তার নিজ গ্রামের বাড়িতে জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান