পুকুরে লাশ ভাসতে দেখে চারদিকে সোরগোল পড়ে যায়। খবর পেয়ে পুলিশ আসলে পুকুর থেকে তুলে আনা হয় লাশ। ততক্ষণে সুরতহাল রিপোর্ট তৈরির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। হঠাত্ লাশের নাক দিয়ে রক্ত বের হতে দেখে হতবাক হয়ে যায় পুলিশ সদস্যরা। তখন শ্বাস-প্রশ্বাসও বইছিল। সুরতহালের বদলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ওসমানী হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিলেট শহরতলীর খাদিমপাড়ায়।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, খাদিমপাড়ায় একটি মাছের খামারে লাশ ভাসার খবর শুনে বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় পুলিশ। পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এমন সময় ওই যুবকের শ্বাস-প্রশ্বাস চলছে টের পেয়ে দ্রুত হাসপাতালে নেয় পুলিশ। চিকিত্সার এক পর্যায়ে জ্ঞান ফিরে যুবকের। জ্ঞান ফেরার পর ঐ যুবক জানায়, তার নাম ইব্রাহিম মোল্লা, বয়স ৩০। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায়।
পুলিশ জানায়, ইব্রাহিম মোল্লা মানসিকভাবে অসুস্থ। তার চিকিত্সা চলছে এবং তার আত্মীয় স্বজনদের সন্ধান করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই
