রংপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১১:৫৮
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার জায়গীর আদর্শ স্কুল গেটের সামনে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার সোনা উদ্দিনের মেয়ে মনোয়ারা বেগম (৪০),  মোকলেছার রহমানের ছেলে মজনু মিয়া (৩৫) ও আবদুল কুদ্দুস (৬০)। 
 
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখে ভোরে তারা (নিহতরা) একটি পিকআপ ভ্যানে বগুড়া ফিরছিলেন। পথিমধ্যে জায়গীর আদর্শ স্কুলে গেটের কাছে পৌঁছামাত্র বগুড়া থেকে রংপুরগামী সারবোঝাই একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, ঘটনাস্থলেই মনোয়ারা ও মজনু মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আবদুল কুদ্দুস মারা যান।
 
এ সময় আরো ৩ যাত্রী আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ