মালয়েশিয়ায় শুধু মুসলিমদের জন্য ধোবিখানা, চলছে বিতর্ক

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৫:৩০
মালয়েশিয়ায় এক শহরে শুধু মুসলিমদের জন্য কাপড় ধোয়ার সেবা প্রতিষ্ঠান বা ধোবিখানা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এ সপ্তাহের শুরুতে জোহর শহরে এমন এক ‘মুসলিম-বান্ধব’ লন্ড্রির বিজ্ঞাপনের ছবি বেরুনোর পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও ওই বিজ্ঞাপনে বলা হয়, ‘এই লন্ড্রি বিশুদ্ধতার স্বার্থে শুধু মুসলিম গ্রাহক নিয়ে থাকে। এতে কারো অসুবিধা হয়ে থাকলে আমরা দুঃখিত।’
IMG0
দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে দি স্টার সংবাদপত্রকে বলেন, ‘মুসলিমদের জন্য এটা শুধু পরিষ্কার কাপড়চোপড়ের ব্যাপার নয়, আমি বলছি সার্বিক অর্থে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা। আর এখানে আমি মুসলিমদের জন্য সেই সুযোগই করে দিয়েছি।’ তিনি আরো বলেন, তার গ্রাহকরাই এরকম একটি সেবা চালু করার জন্য তাকে অনুরোধ করেছিলেন। মালয়েশিয়ান ইনসাইট নামে একটি ওয়েবসাইট বলছে, এক মাস আগেই এই নতুন সেবার সাইনবোর্ড দেয়া হয়। কিন্তু এতে মালয়েশিয়ার মুসলিম এবং অ-মুসলিম নির্বিশেষে অনেকেই এতে বিস্ময় প্রকাশ করেছেন।
IMG1
এমনকি রাজ্যের সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইসকান্দারও বলেছেন, তিনি এত ঘটনায় গভীরভাবে মর্মাহত। তিনি সেই লন্ড্রিকে অবিলম্বে এই ‘বৈষম্য’ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, না হলে এটা বন্ধ করেও দেয়া হতে পারে। তিনি বলেছেন, ‘এটা কোনো তালেবান রাষ্ট্র নয় এবং জোহরে ইসলামের প্রধান হিসেবে আমি একে সম্পূর্ণ অগ্রহণোগ্য বলে মনে করি। এটা প্রকৃতিগতভাবেই চরমপন্থী।’ স্টার পত্রিকাকে তিনি আরো বলেন, ‘জোহর সব জাতিগোষ্ঠী ও ধর্মের শহর, এটি একটি প্রগতিশীল, আধুনিক ও মধ্যপন্থী রাজ্য।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু