সিদ্ধিরগঞ্জে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২০:৫২
নাসিক ৩ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে অপহরণকারী চক্রের চারজন সদস্যকে আটক করেছে র‌্যাব। একইসাথে অপহৃত মহরম আলীকে উদ্ধার করেছে র‌্যাব-১১।
 
আটককৃতরা হলেন— মনির ভূইয়া ওরফে আজাদ (৩৫), আক্তার (৪০), ইমাম হোসেন (২৮), শারমিন আক্তার ওরফে হ্যাপি (২৫)।
 
অভিযোগ উঠেছে, অপহৃত ব্যক্তিকে একটি ফ্ল্যাটে আটকে সেখানে নারী দিয়ে নগ্ন ভিডিও ও ছবি তুলে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিল ওই চক্রটি। গত রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
র‌্যাব সূত্রে জানা যায়, রাজধানী ডেমরা এলাকার মৃত কফিলউদ্দিনের ছেলে মহরম আলী (২৫) রিক্সা চালিয়ে জীবন যাপন করেন। তাকে কৌশলে অপহরণকারী চক্রটি সিদ্ধিরগঞ্জের থানাধীন ৩নং ওয়ার্ড  নয়াআটি মুক্তিনগর ব্লক-এ, রোড-৭ অরুনী কুঞ্জ নামক বাসায় ৪র্থ তলার উত্তর পাশের ফ্ল্যাটে নিয়ে যায়। ওই বাসার দরজা আটকে জোরপূর্বক জামা কাপড় খুলে নগ্ন করে ওই চক্রের একজন নারীর সাথে অন্তরঙ্গভাবে ভিডিও ও স্থির ছবি ধারণ করে। তাদের ধারণকৃত ভিডিও ও ছবি ভিকটিমের পরিবারের কাছে ও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে তাকে হুমকি দেয়। চক্রের অন্য সদস্যরা ছদ্মবেশে নিজেদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অশ্লীল কাজ করার অপরাধে তার নিকট থেকে ১ লাখ টাকা দাবি করে। মহরম আলীকে তার পরিবারের নিকট থেকে টাকা আনতে বলে। দ্রুত বিকাশে টাকা না পাঠালে জানে মেরে ফেলার হুমকি দেয় তারা।
 
খবর পেয়ে গত শনিবার রাতে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাট থেকে মহরম আলীকে উদ্ধার ও ৪ অপহরণকারী কে আটক করে। আটককৃতরা হলো মনির ভূইয়া ওরফে আজাদ (৩৫), আক্তার (৪০), ইমাম হোসেন (২৮), শারমিন আক্তার ওরফে হ্যাপি (২৫)। ওই সময়ে অপহরণকারী চক্রের অপর সদস্য মোঃ ইউসুফ (৩৫) পালিয়ে যায়। র‌্যাব জানায়, এই চক্র তাদের নারী সদস্যদের দিয়ে বিভিন্ন পেশার মানুষকে টার্গেট করে প্রেমের ফাঁদ পেতে ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যায়। জিম্মি করে মেয়েদের সাথে অশ্লীল ভিডিও ও ছবি ধারণ করে। তাদের কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গ্রেফতারের ভয়ভীতি প্রদর্শন ও অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে টাকা আদায় করে থাকে। বিষয়টি র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে উপরোক্ত আসামীদেরকে অপহরণের কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
 
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, এ ঘটনায় গত রবিবার রাতে রিক্সাচালক মহরম আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
 

ইত্তেফাক/এএম।