মাদারীপুরের রাজৈরে সাব-রেজিস্ট্রার ভবনের দুরবস্থা চরমে। পলেস্তারা খসে পড়ে যে কোন মুহূর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এমনি দুর্ঘটনার কবলে পড়তে পারে খোদ নারী সাব-রেজিস্ট্রার নিজেই। জায়গার অভাবে নতুন ভবনও নির্মাণ করা যাচ্ছে না।
সরেজমিনে জানা যায়, সাব-রেজিস্ট্রার এজলাসের উপরে ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে পড়েছে। তার নিচেই সাব-রেজিস্ট্রারকে বসতে হচ্ছে। ছাদের অবস্থা এতটাই নাজুক যে-এই বুঝি তিনিসহ অন্যান্য কর্মচারীদের মাথার উপর পলেস্তারা খসে পড়লো। ইতোপূর্বে খসে পড়া পলেস্তরের আঘাতে দুই কর্মচারী আহত হয়েছেন। অন্যদিকে প্রয়োজনীয় আসবাবপত্র নেই। নেই রেকর্ড রুম। ফলে যত্রতত্র পড়ে আছে মূল্যবান বিভিন্ন বই।
অফিস সূত্র জানায় দেশের বিভিন্ন জেলায় রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় মাদারীপুর গণপূর্ত বিভাগ মাদারীপুর জেলা রেজিস্ট্রারকে রাজৈর সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণের নির্মাণ সাইট বুঝিয়ে দিতে বারংবার চিঠি দিচ্ছে। কিন্তু উপজেলা প্রশাসন জায়গার সংকটের কারণে সাইট নির্ধারণ করতে পারছে না। ফলে অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে ভবন নির্মাণ। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান জানান, অচিরেই সকলের সমন্বয়ে সভা করে জায়গার ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/জামান
