বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা ও প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছে নিয়োগবঞ্চিতরা। দাবি বাস্তবায়ন না হলে অনশন কর্মসূচির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ অফিস, জেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন নেতারা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানোর পাশাপাশি হুশিয়ারি উচ্চারণ করা হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
একই দাবিতে তারা গত ৫ অক্টোবর শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা ও প্যানেল ভিত্তিক নিয়োগের পাশাপাশি এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধেরও দাবি জানান।
বক্তারা বলেন, ২০০৫ সাল থেকে শুরু হওয়া নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের সবাইকে একে একে নিয়োগ দেয়ার কথা। সনদধারীর সংখ্যা দেড় লাখ। ইতোমধ্যে নিয়োগ পেয়েছে মাত্র ৬০ হাজার। কিন্তু শূন্য পদের সংকট দেখিয়ে নিয়োগ আটকে রেখেছে এনটিআরসিএ।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদের সহ-সভাপতি দীপক কান্তি রায়, ওবায়দুল ইসলাম ওবায়েদ, রঞ্জিত কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক মুকুল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
