রাজশাহীর পুঠিয়ায় জিহাদী বইসহ নিষিদ্ধ আনসার আল-ইসলামের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। উপজেলার ভড়ুয়াপাড়া ও বিল কাজীরপাড়া এলাকায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
তারা হলেন- আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুর রহমান, মৃত নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম, মৃত ফুলবাস মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা, মৃত আমজাদ আলীর ছেলে বাবর মুন্সি ও মোহাম্মদ কাফীর ছেলে শাহীন। তাদের কাছে ২৪টি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদী বই পাওয়া যায়।
IMG0
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। বিকেলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলমের নেতৃত্বে জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনসার আল-ইসলামের পাঁচজনকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
