মুন্সীগঞ্জে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৯:৫৬
 
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ব্যবসায়ীর ৭ বছরের কন্যা শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খাহ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
 
অপহরণকারীরা রাতে কৌশলে ওই গ্রামের ব্যবসায়ী আসলাম হোসেন টিটুর বিল্ডিংয়ের ভেতরে ঢুকে তার ৭ বছরের কন্যা প্রভাতীকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে অপহরণকারীরা টিটুর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এঘটনায় চুড়াইন বাজারের ব্যবসায়ী আসলাম হোসেন টিটু বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
আসলাম হোসেন টিটু জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো তার তিন কন্যা সন্তান একটি রুমে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে তার বড় মেয়ে চিৎকার করে জানায় মেজ মেয়ে প্রভাতীকে পাওয়া যাচ্ছেনা। দুর্বৃত্তরা টিটুর মোবাইল ফোন নিয়ে যায়। পরে অন্য মোবাইল দিয়ে টিটুর নিজ নম্বারে ফোন দিলে দুর্বৃত্তরা জানায় প্রভাতীকে অপহরণ করা হয়েছে। তাকে পেতে হলে শনিবার সকাল দশটার মধ্যে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এসে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর থেকে নম্বারটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকাল দশটার দিকে অপহরণকারীরা ফোন করে জানায় তারা এখন ঢাকার গাবতলীতে অবস্থান করছে। দ্রুত মুক্তিপণের টাকা পরিশোধ করে প্রভাতীকে নিয়ে যেতে বলে। এরপর টিটু দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন।
 
তিনি আরো জানান, বিষয়টি র‌্যাব-১১ এর ভাগ্যকূল ক্যাম্পকে অবহিত করা হয়েছে।
 
শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ আরকেজি