একাদশ জাতীয় সংসদ নির্বাচন

রাজবাড়ীতে ভোটারদের মন জয়ে ব্যস্ত বড় দুই দল

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২৩:৫৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি। কিন্তু রাজবাড়ী-১ (গোয়ালন্দ-রাজবাড়ী সদর) ও রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসন প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে। বিভিন্ন  রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো। তারা ঈদ, পূজা, ক্রীড়া, সভা-সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠান-উত্সবকে কেন্দ্র করে রং-বেরঙের পোস্টার ছেপে নিজ নিজ আসনের ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। সম্প্রতি ভয়াবহ বন্যার সময়ও আগামী সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসহ বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে তাদের মন জয় করার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বি প্রধান দুই রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা ও সক্রিয় রাখতে নিয়মিত দিক-নির্দেশনা, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, শুভেচ্ছা সম্বলিত ফেস্টুন, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সংবলিত পোস্টার ও তাদের কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় তুলে ধরে পোস্ট করছেন। আওয়ামী লীগ-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের তত্পরতা এখনো তেমন একটা চোখে পড়েনি। আওয়ামী লীগ চায় দুইটি আসন ধরে রাখতে, অন্যদিকে বিএনপি চায় দুইটি আসন পুনরুদ্ধার করতে। জেলার দুটি আসনেই দুই দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

বর্তমানে রাজবাড়ী-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী কেরামত আলী আর রাজবাড়ী-২ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। দুটি আসনে আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক কোন্দল প্রকাশ্য রূপ না নিলেও বিএনপি’র মধ্যে তা ব্যাপক আকারে প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সভা, সমাবেশ ও বিশেষ করে সদ্য ঘোষিত জেলা বিএনপি’র কমিটিকে কেন্দ্র করে নেতৃবৃন্দের মধ্যে গ্রুপিং দেখা যাচ্ছে।

ইত্তেফাক/নূহু