ছাতকে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর অবরোধ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৪৩

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতক পৌর শহরের একটি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। শহরের লাকি সেন্টার সংলগ্ন অটো-টেম্পুস্ট্যান্ড থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত এক কিলোমিটার সড়ক চার বছর ধরে এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খানাখন্দকে ভরপুর এ সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যান চলাচল করছে দীর্ঘদিন ধরে। যাত্রীবাহী যানবাহন ছাড়াও লাফার্জ হোলসিম, আকিজ গ্রুপ এবং ছাতক সিমেন্ট কারখানার পণ্যবাহী ভারি যানবাহন চলাচল করছে এ সড়ক দিয়ে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের পাশেই উপজেলা পরিষদ। উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, খাদ্য গুদাম, রেলওয়ে স্টেশন, সূর্যের হাসি ক্লিনিক, উপজেলা প্রাণী সম্পদ অফিসসহ ছাতক ডিগ্রি কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুলে যাতায়াতকারী লোকজন ও শিক্ষার্থীদেরকে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে। ভাঙাচোরা এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন কোর্ট রোড এলাকার বাসিন্দারা। 

ছাতক পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একাধিকবার সড়ক সংস্কারের আবেদন করেও কোনো সুফল পাননি এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ৮টা থেকে এ সড়ক সংস্কার ও পাশে ড্রেন নির্মাণের দাবিতে সড়কটি অবরোধ করেন এলাকাবাসী। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় সড়কের দুইপাশে আটকা পড়ে শত শত যাত্রীবাহী যানসহ পণ্যবাহী ভারি যানবাহন। সড়কে বাঁশ বেঁধে ও স্থানীয় লোকজন রাস্তায় দাঁড়িয়ে সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের সময় ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, হাজী নুরু মিয়া তালুকদার, মাস্টার মখছুদ হোসেন, হাজী আব্দুর রহিম, হাজী বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, হাজী নুরুল হক, হাজী ফয়সল মিয়া চৌধুরী, বাকী বিল্লাহ, সুলেমান মিয়া, ফরুক মিয়া, তারেক আহমদ, ছাদিক মিয়া তালুকদার, নুরুল ইসলাম, আব্দুল ছুবহান, সুমন মিয়া, আলমগীর হোসেন, সুহেল মিয়া, আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেনি। কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ইত্তেফাক প্রতিনিধিকে জানান হাজি নুরু মিয়া তালুকদারসহ অবরোধকারীরা।