চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৫ জেলের কারাদণ্ড

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:৩৬
জেলার মতলব উত্তর উপজেলার নৌ-সীমানায় ইলিশের অভয় আশ্রম এলাকায় শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত মেঘনা নদীতে ৫ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত জেলেরা- মতলব উত্তর উপজেলার পশ্চিম লালপুর গ্রামের মৃত নুর বকস্ বেপারীর ছেলে শাহজাহান বেপারী (৫০), মৃত হযরত আলী প্রধানের ছেলে মজনু (৩৫) ও জয়নাল আবেদীন প্রধানের ছেলে স্বপন প্রধান (২৮)। তাদের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
 
এছাড়া মতলব উত্তর উপজেলার পশ্চিম লালপুর গ্রামের শাহজাহান বেপারীর ছেলে মুছা মিয়া (১৯), চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের উমবাত মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (৪৫) কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়।
 
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ইলিশ রক্ষার্থে উপজেলা টাস্কফোর্স কমিটি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ সময় মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে শুরু করে ষাটনল পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়।
 

ইত্তেফাক/এএম।