হাতকড়া নিয়ে পালানো আসামি অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৩০
 
যশোরের চৌগাছায় হাতকড়া সহ পালিয়ে যাওয়া আসামি লিটন হোসেনকে (৩৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর কদমতলা মোড় থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
 
লিটন হোসেন উপজেলার মুকুন্দপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী এক্সেরের ভায়রা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চোরাচালান, মাদক ও পুলিশ এ্যাসাল্টসহ পাঁচটি মামলা রয়েছে।
 
চলতি বছরের ১৮ জুলাই দুপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে লিটনকে আটক করলেও চৌগাছা থানার এসআই জামাল হোসেনকে আহত করে তিনি হাতকড়াসহ পালিয়ে যান।
 
পরে যশোর 'ক' সার্কেলের এএসপির নেতৃত্বে সাড়াশি অভিযান চালিয়ে ভাঙা হাতকড়া উদ্ধার করে। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং গ্রামের মহিলা মেম্বরসহ পাঁচজনকে আটক করলেও লিটনকে আটক করতে ব্যর্থ হয় পুলিশ। সেসময় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আসামি ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছিল।
 
এ বিষয়ে চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামীকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান