ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৪৬

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে লিটন চৌধুরী নামে এক ব্যক্তিকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার রাতে বামনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকরাম হোসেন মিঝিসহ তিনজনের বিরুদ্ধে লিটন থানায় ছিনতাইয়ের অভিযোগ করেছেন।

এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আকরাম হোসেন মিঝি বলেন, জাতীয় নির্বাচনের সময় লিটন আমাদের বাড়িতে হামলা করে পালিয়ে যায়। এরপর থেকে সে আর গ্রামে আসেনি। রবিবার দুপুরে তাকে সামনে পেয়ে হামলার বিষয় জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা সঠিক নয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ বলেন, ঘটনা মিথ্যা বলে শুনেছি। তারপরও উভয়কে নিয়ে মীমাংসা করে দেয়ার কথা বললেও বিএনপি নেতা লিটন তা না মেনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে রায়পুর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে সত্য কি না। তদন্তে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।